সৌদি প্রো লিগে বুধবার রাতে দামাকের বিপক্ষে ২–১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর করা গোলটি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গোলের মাধ্যমে আল নাসরের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি; ক্লাবটির জার্সিতে তার মোট গোলসংখ্যা এখন ১১৬।
মাঠের এই সাফল্যের মধ্যেই রোনালদোর জন্মভূমি পর্তুগালে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। মাদেইরা দ্বীপে অবস্থিত ‘সিআর সেভেন’ জাদুঘরের সামনে থাকা তার ভাস্কর্যে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় জড়িত এক তরুণকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজেই অগ্নিসংযোগের দৃশ্য ধারণ করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। পরে তাকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ভাস্কর্যটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে এই ভাস্কর্যটি বর্তমান স্থানে স্থাপন করা হয়। অতীতেও এটি একবার ভাঙচুরের শিকার হয়েছিল। সাম্প্রতিক ঘটনার পর রোনালদোর ভক্তরা সামাজিক মাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

