প্রধান খবর

আবারও অস্ত্রোপচারের টেবিলে নেইমার

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজের ফিটনেস পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে জায়গা করে নিতে নিজের শেষ আশা আঁকড়ে ধরে আছেন এই সান্তোস ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যুকে শক্তিশালী করতে সম্প্রতি হঠাৎ করেই আবারও অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে সান্তোস ম্যানেজার কুকা নেইমারের এই গোপনীয় অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিফা আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার এই চিকিৎসা গ্রহণ করেছেন। হাঁটুর সংযোগস্থলের কার্যক্ষমতা বৃদ্ধি এবং টিস্যু মেরামতের জন্য এবার ‘প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই অস্ত্রোপচারের কারণে তিনি গত কয়েকদিন দলের অনুশীলনে অংশ নিতে পারেননি।

নেইমারের এই তড়িঘড়ি সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করা। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি যাতে তাকে ফিটনেস নিয়ে শতভাগ আশ্বস্ত দেখতে পান, সেজন্যই লিগ মৌসুম শেষে এই বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি বেছে নিয়েছেন তিনি। বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি থাকতেই নিজেকে সম্পূর্ণ ফিট করে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন এই তারকা।

ব্রাজিলিয়ান ভক্তদের জন্য এটি উদ্বেগের সংবাদ হলেও নেইমারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, এটি কোনো বড় ইনজুরি নয় বরং ভবিষ্যতে বড় আঘাত এড়াতে এবং পারফরম্যান্সের স্থায়িত্ব বাড়াতে একটি পরিকল্পিত পদক্ষেপ। এখন দেখার বিষয়, এই অস্ত্রোপচারের ধকল কাটিয়ে নেইমার কত দ্রুত মাঠে ফেরেন এবং আনচেলত্তির ‘সেলেসাও’ স্কোয়াডে নিজের চিরচেনা ১০ নম্বর জার্সিটি ফিরে পান কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *