যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট’ বাতিলের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বার্থবিরোধী অভিযোগ তুলে এই চুক্তির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান।
সোমবার (৬ এপ্রিল) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমবেত হন বিক্ষোভকারীরা। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী শহীদুল ইসলাম মিরন।
সমাবেশে বক্তারা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্যচুক্তি বাংলাদেশের জন্য অসম ও বৈষম্যমূলক। তাদের মতে, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বিপুলসংখ্যক মার্কিন পণ্যে শুল্ক ছাড় দিতে হবে, যা দেশের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে।
বক্তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, এই চুক্তির ফলে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা হারাতে পারে এবং নির্দিষ্ট দেশ থেকে বেশি দামে পণ্য আমদানিতে বাধ্য হতে পারে। পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও চাপ সৃষ্টি হতে পারে বলে তারা উল্লেখ করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা চুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

