প্রধান খবর

লা লিগায় বড় ধাক্কা মাদ্রিদের, অ্যাথলেটিকোকে হারিয়ে ব্যবধান বাড়াল বার্সা

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরে লা লিগার শিরোপা লড়াইয়ে চরম নাটকীয়তার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। একদিকে মায়োর্কার কাছে হেরে রিয়াল মাদ্রিদ যখন পয়েন্ট হারানোর হতাশায় নিমজ্জিত, তখন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের বার্সেলোনা।

মায়োর্কার মাঠে শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলেছে আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ। টানা পাঁচ জয়ের পর এদিন মাঠের পারফরম্যান্সে ছিল না সেই চেনা ধার। প্রথমার্ধেই মানু মর্লানেসের গোলে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শেষদিকে দীর্ঘ চার মাস পর ইনজুরি কাটিয়ে ফেরা এদার মিলিতাও জালের দেখা পেলে সমতায় ফেরে রিয়াল। তবে নাটকের তখনও বাকি ছিল; যোগ করা সময়ে ভেদাত মুরিকির লক্ষ্যভেদে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থমকে আছে রিয়াল।

রিয়ালের এই হোঁচট বার্সেলোনার সামনে সুযোগ করে দেয় পয়েন্ট ব্যবধান ৭-এ উন্নীত করার। মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে শুরু থেকেই দাপট দেখায় ব্লাউগ্রানারা। যদিও ম্যাচের ধারার বিপরীতে জুলিয়ানো সিমিওনের গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল বার্সা। তবে সেই ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড। বিরতির আগেই দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় অ্যাথলেটিকো। লামিন ইয়ামালকে ফাউল করায় ভিএআরের সহায়তায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকো গনসালেস। একজন কম নিয়ে খেলা স্বাগতিকদের ওপর এরপর আক্রমণের স্টিম রোলার চালায় বার্সেলোনা। ম্যাচের শেষ লগ্নে জোয়াও কান্সেলোর শট গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বল রবার্ট লেভানদোভস্কির গায়ে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত ২-১ গোলের ঘামঝরানো জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিতব্য সেই হাইভোল্টেজ ম্যাচের আগে এই জয় বার্সেলোনাকে মানসিকভাবে অনেকটা এগিয়ে রাখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *