প্রধান খবর

বিসিবিতে পদত্যাগের হিড়িক, একই দিনে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন পদত্যাগের হিড়িক লেগেছে। দীর্ঘ ৯ ঘণ্টার ম্যারাথন বোর্ড সভা শেষ হতে না হতেই একসঙ্গে চারজন প্রভাবশালী পরিচালক তাদের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে সভা শেষে পদত্যাগকারীদের তালিকায় প্রথমেই নাম লেখান ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান মিতু। এরপর একে একে পদ ছাড়েন ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালক শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্বে থাকা শানিয়ান তানিম এবং মেডিকেল বিভাগের দায়িত্বে থাকা মনজুর আলম এই মুহূর্তে সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে, বোর্ড সভার পরপরই এমন গণপদত্যাগ বর্তমান পর্ষদের জন্য বড় এক ধাক্কা। বিদায়ী পরিচালকদের মধ্যে ফাইয়াজুর রহমান ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এছাড়া মেহরাব আলম ছিলেন সিকিউরিটি কমিটির প্রধান।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার আগেই এ নিয়ে মোট সাতজন পরিচালক বোর্ড থেকে সরে দাঁড়ালেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পদত্যাগ করেছিলেন। যদিও বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কারো পদত্যাগপত্রই আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার বিষয়ে কোনো বার্তা দেওয়া হয়নি।

বিসিবির এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে গত নির্বাচনের অনিয়মকে প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা প্রায় ঘনিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, তদন্ত প্রতিবেদনের সম্ভাব্য কঠোর কোনো সিদ্ধান্তের আঁচ পেয়েই নিজেদের সরিয়ে নিচ্ছেন পরিচালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *