প্রধান খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আত্মসমর্পণ করতে বলছে ইরান

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও বিস্তৃত ও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিপক্ষ স্থায়ীভাবে অনুতাপ ও আত্মসমর্পণ না করলে এই অভিযান অব্যাহত থাকবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। 

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে মূল্যায়ন দিচ্ছে, তা অসম্পূর্ণ এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার দাবি, ইরান শিগগিরই আরও বিচূর্ণকারী, ব্যাপক ও ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ নেবে।

এই হুঁশিয়ারি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরপরই। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানের ওপর অত্যন্ত কঠোর হামলা চালাতে পারে এবং ইরান ইতোমধ্যে প্রায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে দাবি করেন।

তবে ইরানের পক্ষ থেকে এই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। জোলফাকারি স্পষ্ট করে বলেন, ‘আমাদের সামরিক সক্ষমতা সম্পর্কে তাদের ধারণা অসম্পূর্ণ, এবং বাস্তবতা খুব শিগগিরই প্রমাণিত হবে।’

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একদিকে যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক লক্ষ্য অর্জনের কথা বলছে, অন্যদিকে ইরান যুদ্ধকে দীর্ঘায়িত করে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল নিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত এখন আরও অনিশ্চিত ও বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *