জনপ্রিয় আলেম ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী তার অস্ট্রেলিয়া সফরকে ঘিরে গণমাধ্যমে প্রচারিত কিছু খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সফরকালীন সময়ে তার কোনো বক্তব্যের কারণে ভিসা বাতিল হয়েছে এমন তথ্য সঠিক নয়।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও এখন পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। ফলে বক্তব্যের জেরে ভিসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে এ দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি আরও উল্লেখ করেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত কয়েক দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। তার ভাষ্য অনুযায়ী, একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা থেকেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
আজহারী অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে তার পুরোনো বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে উপস্থাপন করে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর আগেও একই ধরনের ঘটনার কারণে যুক্তরাজ্য সফরে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল বলে তিনি দাবি করেন।
তিনি জোর দিয়ে বলেন, তিনি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং তার বিভিন্ন বক্তব্যেও সেই অবস্থান প্রতিফলিত হয়েছে।

