প্রধান খবর

সিডনিতে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) অঙ্গরাজ্যের সিডনিস্থ ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে গার্হস্থ্য ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ‘Responding to Domestic and Family Violence’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অফ কমিউনিটিজ অ্যান্ড জাস্টিস (DCJ)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রবিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত এই সেমিনারের মূল লক্ষ্য ছিল প্রবাসী এবং সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যময় (CALD) কমিউনিটির মধ্যে পারিবারিক সহিংসতার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি করা। অনুষ্ঠানের শুরুতে ডিসিজে (DCJ)-এর মাল্টিকালচারাল পলিসি অ্যান্ড এনগেজমেন্ট ম্যানেজার ফ্রান্সেস মর্গ্যান ‘অ্যাকনলেজমেন্ট টু কান্ট্রি’ প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিনিধি স্যাম বোরকা।

সেমিনারে কমিউনিটি পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (CDNI)। সংগঠনের প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকী (OAM) তাঁর বক্তব্যে জানান, সিডিএনআই দীর্ঘদিন ধরে বিশেষ করে ‘কোয়ারসিভ কন্ট্রোল’ বা জবরদস্তিমূলক আচরণের বিরুদ্ধে প্রবাসীদের সচেতন করতে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া (BAOA)-এর সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁদের সংগঠনের দীর্ঘ ইতিহাস ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন।ক্যাম্পবেলটাউন পুলিশ এরিয়া কমান্ডের সুপারিনটেনডেন্ট গ্রান্ট হার্লি এই অঞ্চলে গার্হস্থ্য সহিংসতার বর্তমান পরিসংখ্যান ও প্রবণতা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভাষা ও সংস্কৃতির ভিন্নতার কারণে অনেক সময় ভুক্তভোগীরা সঠিক সহায়তা পেতে বাধাগ্রস্ত হন। তাই পুলিশ ও কমিউনিটির মধ্যে সমন্বয় বাড়ানো এখন সময়ের দাবি।

সেমিনারের কারিগরি সেশনগুলোতে ‘জান্নাউই ফ্যামিলি সেন্টার’ (Jannawi Family Centre) সহিংসতার চক্র (Cycle of Violence) ব্যাখ্যা করে। এছাড়া পারিবারিক সহিংসতার শিকার শিশুদের ওপর দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। লিগ্যাল এইড এনএসডব্লিউ (Legal Aid NSW) এবং এনএসডব্লিউ ডোমেস্টিক ভায়োলেন্স লাইনের প্রতিনিধিরা আইনি সহায়তা প্রাপ্তির সহজ উপায়গুলো কেস স্টাডির মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ ও অ্যাশ রহমানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সিডিএনআই-এর উপদেষ্টা কামাল পাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ কেবল সচেতনতাই বাড়ায় না, বরং ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথকেও প্রশস্ত করে।

বক্তারা একমত হন যে, পারিবারিক সহিংসতা প্রতিরোধে কেবল আইন নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কমিউনিটি নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একটি সহিংসতামুক্ত সমাজ গড়তে আগামীতেও এমন কার্যকর কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *