অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত বৃহৎ সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল’ (আইপিডিসি) তাদের গৌরবময় পথচলার ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই রজতজয়ন্তী উপলক্ষে সংগঠনটি মার্চ ও এপ্রিল মাসজুড়ে অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে “লিগ্যাসি অফ ফেইথ” শিরোনামে এক বিশেষ ইসলামী আলোচনা সভার আয়োজন করেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানমালায় মূল আলোচক হিসেবে অংশ নিতে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ এবং মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রবাস জীবনে ইসলামী মূল্যবোধ ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে দীনি শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বৃহৎ আয়োজন করা হয়েছে।
আইপিডিসি’র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানমালার প্রথম পর্ব আগামী ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৬টায় ব্রিসবেন ইসলামিক কলেজে অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে নিম্নলিখিত শহরগুলোতে অনুষ্ঠানগুলো আয়োজিত হবে:
• ৩ এপ্রিল (শুক্রবার): মেলবোর্নের আল তাকওয়া কলেজ।
• ৪ এপ্রিল (শনিবার): সিডনির ডায়মন্ড ভেন্যু।
• ৬ এপ্রিল (সোমবার): ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার।
• ১০ এপ্রিল (শুক্রবার): এডিলেইডের উডভিল টাউন হল।
• ১১ এপ্রিল (শনিবার): পার্থে সমাপনী অনুষ্ঠান।
আইপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য আগ্রহীদের 25years.ipdc.org.au ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করে আসন নিশ্চিত করতে হবে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিটি অনুষ্ঠানেই আলোচনা সভার পাশাপাশি প্রশ্নোত্তরের বিশেষ পর্ব রাখা হয়েছে।
আইপিডিসি’র নীতিনির্ধারকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই আয়োজনের মাধ্যমে শিশু, কিশোর ও তরুণসহ সকল প্রবাসী বাংলাদেশীরা প্রবাসের প্রতিকূল পরিবেশেও ইসলাম চর্চায় আরও বেশি উৎসাহিত ও উপকৃত হবেন। পরিবারের সকল সদস্যকে নিয়ে এই আধ্যাত্মিক সম্মেলনে অংশগ্রহণের জন্য সিডনিসহ পুরো অস্ট্রেলিয়ার প্রবাসী কমিউনিটির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

