প্রধান খবর

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা ফকির সমিতির সভাপতির

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা নির্ধারণ করে দিয়ে এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় আর কেউ ভিক্ষা করতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলে মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের উপস্থিত মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে এবং প্রয়োজনে কারাদণ্ডের মতো শাস্তির সম্মুখীন হতে হবে বলেও মাইকিংয়ে সতর্ক করা হয়।

ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া এবং নিয়ম লঙ্ঘনে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ উদ্যোগটিকে সন্ধ্যার পর বাজারের শৃঙ্খলা ও যানজটমুক্ত পরিবেশ বজায় রাখার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন; আবার অনেকেই প্রশ্ন তুলেছেন যে জরিমানা আদায় বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার কোনো আইনগত এখতিয়ার স্থানীয় কোনো কমিটির রয়েছে কি না।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বাজার এলাকায় এমন কোনো মাইকিং বা কমিটির ঘোষণার বিষয়ে তিনি এখনো অবগত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *