প্রধান খবর

জার্মানিতে শত শত স্কুলে বোমা হামলার হুমকি, তদন্তে নেমেছে পুলিশ

ইউরোপজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ভুয়া বোমা হামলার হুমকির ধারাবাহিকতায় এবার জার্মানির শত শত স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই বলে সোমবার আশ্বস্ত করেছে দেশটির পুলিশ।

জার্মান কর্তৃপক্ষ জানায়, রাজধানী বার্লিনসহ বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের অসংখ্য স্কুল কর্তৃপক্ষ এই হুমকি পাওয়ার বিষয়টি প্রশাসনকে অবহিত করেছে। পুলিশের তথ্যমতে, কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য বাডেন-ভুর্টেমবার্গেই ৪৫০টির বেশি স্কুলে এমন হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিক কোনো ঝুঁকি বা গুরুতর বিপদ না থাকায় সাধারণ বাসিন্দাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

বার্লিন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে, সেগুলোর প্রতি সুনির্দিষ্ট কোনো বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু স্কুল সাময়িকভাবে খালি করা হয়েছে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ জানিয়েছে, প্রায় একই ভাষায় লেখা সব ই-মেইলে অজ্ঞাতনামা প্রেরকরা স্কুল ভবনে বিস্ফোরক ডিভাইস রাখার দাবি করে তা বিস্ফোরণের হুমকি দিয়েছে। ই-মেইলগুলোতে ‘মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে’—এমন ভীতিকর বার্তা লেখা ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় ইতোমধ্যে জোরালো তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক করে বলেছে, এ ধরনের ভুয়া হুমকি জনমনে ব্যাপক আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করে এবং এটি একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্লিনে সাংবাদিকদের জানান, বর্তমান সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্কুলগুলো খালি করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এই হুমকির নেপথ্যে কারা জড়িত সে বিষয়ে মন্তব্য না করে তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ এবং ফেডারেল অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে ইতালি, ব্রিটেন, হাঙ্গেরি ও সার্বিয়ার শত শত স্কুলেও একই কায়দায় ই-মেইলে ভুয়া বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া সম্প্রতি ইউরোপজুড়ে বিভিন্ন ফ্লাইটে ভুয়া বোমা সতর্কতা এবং বেশ কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *