প্রধান খবর

 দখল করা ফিলিস্তিনির বাড়ি ২ কোটি ডলারে বিক্রির উদ্যোগ ইসরায়েলের, তীব্র নিন্দা

অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে দখল করা এক ফিলিস্তিনির বাড়ি ২ কোটি (২০ মিলিয়ন) ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের আল-কুদস গভর্নরেট। তাদের অভিযোগ, অবৈধ বসতি সম্প্রসারণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই ফিলিস্তিনিদের বাড়িঘর জোরপূর্বক দখল করে বাজারে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আল-কুদস গভর্নরেট স্পষ্ট জানায়, ‘কোনো সম্পত্তি বিক্রির জন্য তালিকাভুক্ত করলেই সেটির দখল বৈধ হয়ে যায় না।’ বাড়িটির মূল ফিলিস্তিনি মালিকেরা এখনো এর বৈধ মালিকানার অধিকারী এবং নিজেদের সম্পত্তি ফিরে পাওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইসরায়েলি প্রশাসনের বিরুদ্ধে সরকারি সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখলের পথ সুগম করার অভিযোগ তুলেছে গভর্নরেট। একই সঙ্গে এ দখলদারত্বের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুরক্ষা দেওয়ারও কঠোর সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, দখল করা বাড়ি চড়া মূল্যে বিক্রির জন্য তালিকাভুক্ত করার এই ঘটনা ফিলিস্তিনিদের ভিটেমাটি কেড়ে নেওয়া, মালিকদের জোরপূর্বক উচ্ছেদ করা এবং পরবর্তীতে সেসব সম্পত্তি বাজারে তোলার বৃহত্তর ইসরায়েলি নীতিরই প্রতিফলন। এতে পুরোনো শহরের জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তন এবং আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকার ঐতিহাসিক ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলার পরিকল্পিত চেষ্টা চলছে বলে সতর্ক করা হয়।

গভর্নরেট পুনর্ব্যক্ত করে বলেছে, আল-আকসা মসজিদসহ পুরো পূর্ব জেরুজালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং এর আইনগত অবস্থান বা জনসংখ্যা পরিবর্তনের যেকোনো ইসরায়েলি পদক্ষেপ আন্তর্জাতিক আইনে অবৈধ ও বাতিল। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের এপ্রিলে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এক প্রস্তাবে পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ, উচ্ছেদ ও ফিলিস্তিনিদের বসবাসের অনুমতি বাতিলসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিল।

বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি বসতি-চৌকিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন। ফিলিস্তিনের উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশনের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরুর পর পশ্চিম তীরে সহিংসতা ও উচ্ছেদ বহুগুণ বেড়েছে; কেবল গত অক্টোবর মাসেই ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *