প্রধান খবর

আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম

দেশে বর্তমানে একটি সংকটকাল চলছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবশ্যই তাতে সাড়া দেবে। তিনি বলেন, ‘আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।’

গত রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে সরকার যে অঙ্গীকার ভঙ্গ করেছে, সেজন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে রাজনৈতিক দল ও জনগণ আশ্বস্ত হয়। এ সময় নিজেদের অবস্থান থেকে গঠনমূলক পরামর্শ দেওয়ার কথাও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক বিষয়গুলোতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব।

সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রথমেই বিদ্যমান একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এই পদক্ষেপের মাধ্যমে জনগণ যেমন বুঝতে পারবে, তেমনি রাজনৈতিক দলগুলোর কাছেও বার্তা যাবে যে সরকার সত্যিই জাতীয় ঐকমত্য চায়।

তিনি স্পষ্ট করে বলেন, কেবল একটি পক্ষকে ঠেকানোর উদ্দেশ্যে ডিসেম্বরে ঐকমত্য চেয়ে আবার জানুয়ারিতে একদলীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে—এমন কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *