প্রধান খবর

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের সুইমস্যুট প্রতিযোগিতায় প্রচলিত ধারা ভেঙে ভিন্ন সাজে নজর কেড়েছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার এই পর্বে অন্যান্য প্রতিযোগী যেখানে বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাকে নিজেদের উপস্থাপন করেন, সেখানে মাহি বেছে নিয়েছেন পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাক। তার এই ব্যতিক্রমী উপস্থিতি নেটমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

অন্য প্রতিযোগীদের বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাকের বিপরীতে মাহিকে দেখা গেছে ফুলহাতার পোশাকে। পোশাকের সঙ্গে যুক্ত ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো আয়োজনের আবহের সঙ্গে মিল রেখে তার পোশাক ও উপস্থাপনায় ছিল স্বতন্ত্রতা।

স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন মাহি। নিজের একটি পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করার কথাও তুলে ধরেন তিনি।

মাহির এই ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। একজন মন্তব্যকারী লিখেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। তার ছবির মন্তব্যের ঘরে আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ভিন্ন আঙ্গিকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি এবং পোশাকের মধ্য দিয়ে মাতৃত্বের বার্তা দেন।

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। ওই দিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং বিজয়ীর মাথায় পরানো হবে মিস ইউনিভার্সের মুকুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *