গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে জেলার মহাসড়কগুলোতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে। সাম্প্রতিক সহিংসতায় সংসদ সদস্যের বাড়ি, গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় এবং বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জেলা শহরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে। খাবারের দোকানসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করলেও সাধারণ মানুষের উপস্থিতি কম। রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহন তুলনামূলক কম দেখা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকে যানবাহন চলাচল শুরু করে। লকডাউনের কারণে বিভিন্ন স্থানে আটকে থাকা যানবাহনও গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে।

