পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটের দিকে পারমাণবিক জ্বালানিবাহী তিনটি লরি কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহরটি রূপপুরের উদ্দেশে রওনা দেয়।
সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে জ্বালানিবাহী লরিগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছায়। পরিবহনকালে সেনাবাহিনীর পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মহাসড়কে যানজট এড়াতে বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয় এবং সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখায় কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পুরো কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। গত ১৪ নভেম্বর ষষ্ঠ চালান পৌঁছানোর পর আজ সপ্তম চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করল। এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, চলতি নভেম্বর ও আগামী ডিসেম্বর মাসে আরও দুটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান আসবে এবং ডিসেম্বরের মধ্যেই জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম ইউনিটের জ্বালানির প্রথম চালান দেশে আসে এবং চলতি বছরের মে মাসে চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া এই কেন্দ্রের জ্বালানি সরবরাহ করবে। ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো ইউনিটটি থেকে টানা সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। শতভাগ উৎপাদনে যেতে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে এবং দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে চলছে।

