চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় সেখানে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রথম শ্রেণির কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
এর আগের দিন বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস বইছে। ভোরে কুয়াশা ও রাতে শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জানিয়েছেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

