চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বাচ্চু। সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

