ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে এই প্রবীণ আলেমের বয়স হয়েছিল ১০৫ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে তাকে আহলে বাইতের (মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র পরিবার) একজন বিশিষ্ট ফকিহ, শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় কর্তৃপক্ষ, নিবেদিতপ্রাণ আলেম এবং ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের একজন খ্যাতিমান ও শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে অভিহিত করা হয়। তার মৃত্যুতে ইরানের ধর্মীয় অঙ্গনসহ মুসলিম বিশ্বের একাংশে শোকের ছায়া নেমে এসেছে।
১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। এক শতাব্দীরও বেশি দীর্ঘ জীবনে তিনি তার সিংহভাগ সময় ইসলামী জ্ঞানচর্চা, গভীর গবেষণা এবং শিক্ষাদানে ব্যয় করেছেন। তার দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য বিশিষ্ট ধর্মীয় আলেম, ফকিহ ও পণ্ডিত গড়ে উঠেছেন, যারা পরবর্তীতে বিশ্বজুড়ে ইসলামী শিক্ষার প্রসারে ভূমিকা রেখেছেন। পাশাপাশি, ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সংরক্ষণেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে এই প্রবীণ ধর্মীয় নেতাকে রাজধানী তেহরানের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা তাকে দেখতে যান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। চিকিৎসাধীন অবস্থায়ই না ফেরার দেশে পাড়ি জমালেন শতবর্ষী এই ইসলামী চিন্তাবিদ।

