প্রধান খবর

মেহেরপুরে কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ

মেহেরপুরের গাংনী উপজেলায় জেলা কৃষকদলের এক নেতার বাড়ি থেকে প্রায় ৯৪ কেজি ওজনের একটি প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার হিন্দা গ্রামে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন তেঁতুলবাড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়েজুর রহমানের উপস্থিতিতে এ অভিযান সম্পন্ন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ দল হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে হানা দেয়। এ সময় তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের ওই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিবলিঙ্গের আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান দাবি করেন, অতীতে ভারতীয় নাগরিকরা যখন এই এলাকায় বসবাস করতেন, তখন সেখানে একটি মন্দির ছিল। পরবর্তীতে তারা ভারতে চলে গেলে ওই মন্দিরের প্রাঙ্গণে শিবলিঙ্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তিনি সেখান থেকে এটি নিজ বাড়িতে এনে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে আসছেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে শেষ পর্যন্ত সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনার বিষয়ে তেঁতুলবাড়িয়া বিওপির নায়েক সুবেদার মো. সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সাথে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অমূল্য এই শিবলিঙ্গটি বর্তমানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কার্যালয়ে নিরাপদে স্থানান্তরিত করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, এই সফল অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক নুরুল হুদাসহ বিজিবির অন্যান্য চৌকস সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *