প্রধান খবর

প্রকাশ্যে তীব্র সমালোচনা, অথচ গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু!

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে আরব-ইসরায়েলি দলগুলোর জোট রেকর্ড ১৯টি আসন জয়ের পর রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই ঐতিহাসিক সাফল্যের পর যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব দলগুলোর কঠোর সমালোচনা করলেও গোপনে তাদেরই রাজনৈতিক সহায়তা চেয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইসরায়েলি আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর জ্যেষ্ঠ সংসদ সদস্য আহমেদ তিবি এই তথ্য ফাঁস করেছেন।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আহমেদ তিবি তার মোবাইল ফোনে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি খুদেবার্তা প্রদর্শন করেন। পর্দায় বার্তাগুলোর মূল লেখা অস্পষ্ট থাকলেও তিবি স্পষ্টভাবে জানান, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি সরকার গঠনের স্বার্থে তাদের সহযোগিতা কামনা করেছিল। তিবি উল্লেখ করেন, তিনি সাধারণত ব্যক্তিগত ও গোপন বার্তা প্রকাশ্যে আনেন না। তবে গত সপ্তাহে পার্লামেন্টের এক অনুষ্ঠানে নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে ‘নির্বাচন চুরি’ এবং ‘ইসরায়েলের ধ্বংস চাওয়ার’ মতো গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ তোলার পর তিনি সত্য প্রকাশের সিদ্ধান্ত নেন।

বেঞ্জামিন নেতানিয়াহুর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে আহমেদ তিবি বলেন, “আপনি একজন ভণ্ড। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে, ভোটগ্রহণের পরদিন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছিলেন।” তিবি আরও জানান, বর্তমানে সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধী নেতা গাদি আইজেনকোটকে কোনো ধরনের সমর্থন না দেওয়ার জন্যও নেতানিয়াহুর দলের পক্ষ থেকে তাদের কাছে গোপন বার্তা পাঠানো হয়েছে।

লিকুদ পার্টির পাঠানো সেই বার্তার বিবরণ দিয়ে তিবি জানান, নেতানিয়াহুর শিবির থেকে তাদের বলা হয়েছে, “গাদি আইজেনকোটের জোটকে বিশ্বাস করবেন না; তারা আপনাদের সরকারে নেবে না। এর চেয়ে বরং তাদের সরকার গঠনে বাধা দিয়ে দেশে আরেকটি নির্বাচনের পথ তৈরি করে দেওয়াই ভালো।” তবে নেতানিয়াহুর এই কৌশলী প্রস্তাবে রাজি হননি বলে সাফ জানিয়ে দিয়েছেন আহমেদ তিবি। তিনি দৃঢ়তার সাথে বলেন, “আরব দলগুলো কোনোভাবেই পুনর্নির্বাচন চায় না। এর পরিবর্তে আমরা বেঞ্জামিন নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থী উগ্রবাদী নেতা ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরাতে চাই।”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *