মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো ধরনের আইনি সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিশেষ আইনে বিলম্ব মার্জনার সুযোগ রাখা হয়নি এবং এই আইনটি তারাই অতীতে করে গেছেন। সংবিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির মৌলিক অধিকারের দাবিদার হওয়ার সুযোগ নেই।
শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেই প্রতিশ্রুতি অনুযায়ীই কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন এবং তাদের কার্যক্রমে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তারা যখনই প্রয়োজন মনে করবেন, তখনই প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, তা ইতোমধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ তাদের ওপর নির্ভর করছে। শেখ হাসিনা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরে আসবেন। এছাড়া প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে প্রত্যাবর্তন করানো হলেও সেটি একটি পরিপূর্ণ আইনি প্রক্রিয়া হিসেবে গণ্য হবে।
আপিল বিভাগে বিলম্ব মার্জনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এ ধরনের মামলার ক্ষেত্রে বিলম্ব মার্জনার কোনো সুযোগ নেই। ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, সেখানেও এই বিধান রাখা হয়েছিল। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।
ভারত সরকারের অবস্থান কিংবা শেখ হাসিনাকে অন্য কোনো তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে একমাত্র ভারত সরকারই সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারবে।

