ভারতের মধ্যপ্রদেশে এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনায় রসগোল্লা মনে করে ঘরে তৈরি বিস্ফোরক মুখে দেওয়ার পর বিস্ফোরণে রাজেন্দ্র বারৌটিয়া নামের ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের উদ্দেশ্যে তৈরি ওই বিস্ফোরকটি দেখতে হুবহু মিষ্টির মতো হওয়ায় এই মারাত্মক ভুল ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার একটি গ্রামীণ এলাকায়। ওই সময় রাজেন্দ্র বারৌটিয়া গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে একটি খোলা জায়গায় আগুনের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই মুহূর্তে স্থানীয় এক ব্যক্তি তাকে মিষ্টির মতো দেখতে একটি বস্তু দিলে, রাজেন্দ্র সেটিকে রসগোল্লা ভেবে কোনো সন্দেহ না করেই মুখের ভেতরে পুরে দেন। আর ঠিক তখনই মুহূর্তের মধ্যে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের তীব্রতায় রাজেন্দ্র গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই এলাকার কিছু আদিবাসী বাসিন্দা মূলত বনে বুনো শূকর শিকারের জন্য এ ধরনের ঘরে তৈরি বিশেষ বিস্ফোরক ব্যবহার করে থাকেন। স্থানীয়ভাবে আতশবাজি কিংবা পাথর খনিতে ব্যবহৃত বারুদ ময়দা বা আটার গোলার মধ্যে মুড়িয়ে এ ধরনের ফাঁদ তৈরি করা হয়। আকারে গোল এবং সাদা রঙের হওয়ায় বস্তুটিকে মিষ্টি বা রসগোল্লা বলে ভুল করেছিলেন রাজেন্দ্র।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে রাজেন্দ্রকে কি সত্যিই হত্যার উদ্দেশ্যে ওই বিস্ফোরকটি দেওয়া হয়েছিল, নাকি এটি নেহাতই কোনো মর্মান্তিক কৌতুক বা অসাবধানতা ছিল, সে বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। একটি ভুল ধারণার কারণে জীবন দিতে হলো এক তরতাজা প্রাণকে, যা পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

