প্রধান খবর

আট বছরের সঙ্গী পোষা বিড়াল ‘মিকু’-কে হারিয়ে শোকে বাকরুদ্ধ এমপি শাম্মী আক্তার

দীর্ঘ আট বছরের প্রিয় সঙ্গী ও আদরের পোষা বিড়াল ‘মিকু’-কে হারিয়ে গভীরভাবে শোকাহত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তিনি মিকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পোস্টের সঙ্গে তিনি প্রিয় পোষা প্রাণীটির শেষ মুহূর্তের একটি ছবিও শেয়ার করেন, যেখানে দেখা যায় মিকু পবিত্র কাবা শরিফের ছবির ওপর শান্তভাবে শুয়ে আছে।

ফেসবুক পোস্টে শাম্মী আক্তার লিখেছেন, “আমাদের মিকু আজ ১৩ নভেম্বর শুক্রবার আপন মনে কাবা শরিফের ছবির ওপর শুয়ে, কাবা শরিফের মিনারে হাত রেখে চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।” প্রিয় প্রাণীটির বিদায়ের বেদনা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, জীবনের পাঠ চুকিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার মধ্য দিয়েই মিকু যেন তাকে জীবনের এই চরম সত্যটি বুঝিয়ে দিয়ে গেল।

সংসদের ব্যস্ততা, সভা-সমাবেশ এবং এলাকার মানুষের ভিড় সামলে দিনশেষে ঘরে ফিরলে যে নিঃশব্দ অপেক্ষা আর ভালোবাসা তাকে আগলে রাখত, সেই মিকু আর নেই। কর্মব্যস্ত দিন শেষে বাসায় ফিরলে আর কেউ তাকে এগিয়ে নিতে নিচে নেমে আসবে না—এই শূন্যতা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।

শাম্মী আক্তার জানান, তার ছেলেরা উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এই মিকুই ছিল তার আনন্দ-বেদনার নিত্যদিনের একমাত্র সহচর। দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ছায়ার মতো পাশে থাকা এই সঙ্গীর বিদায়ে তিনি এখন ভীষণ একা হয়ে পড়েছেন।

পোস্টের শেষাংশে প্রিয় বিড়ালটির উদ্দেশে আবেগাপ্লুত হয়ে তিনি লেখেন, “ওপারে ভালো থাকিস মিকু, আমাকে ক্ষমা করে দিস; তোর যাওয়ার সময় তোর কাছে থাকতে পারিনি।”

এমপি শাম্মী আক্তারের এই মর্মান্তিক ও হৃদয়স্পর্শী স্ট্যাটাসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য অনুসারী ও শুভাকাঙ্ক্ষী মন্তব্যের ঘরে সমবেদনা জানিয়ে লিখেছেন, প্রিয় পোষা প্রাণী হারানোর বেদনা যে কতটা গভীর, তা কেবল ভুক্তভোগীরাই উপলব্ধি করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *