প্রধান খবর

বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি 

বর্তমান সময়ে কথা দিয়ে কথা না রাখার চেনা প্রবণতার ভিড়ে এক অনন্য ও আবেগঘন দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস। প্রিয় বোনের হাতের জলপাইয়ের চাটনি খেতে খেতে মজার ছলে দেওয়া একটি প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি গত তিন দশক বা ৩০ বছর ধরে একটি জলপাইয়ের আঁটি নিজের মুখেই পুরে রেখেছেন। বোন আজ পৃথিবীতে না থাকলেও ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন তাঁর সেই অঙ্গীকার।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী জয়দেব বিশ্বাসের জীবনে কোনো আপন বোন ছিল না। প্রতিবছর ভাইফোঁটার দিনে চারপাশের উৎসবমুখর পরিবেশ দেখে তাঁর মন বিষণ্ণ হয়ে উঠত। একদিন প্রতিবেশিনী ও বাঘাযতীন কলেজের অধ্যাপিকা অগ্নিবীণা দেবীকে নিজের এই আক্ষেপের কথা জানান জয়দেব। বিষয়টি শুনেই অগ্নিবীণা দেবী তাঁকে ভাই হিসেবে গ্রহণ করেন এবং প্রতিবছর ভাইফোঁটা দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে প্রতি বছর ভাইফোঁটায় জয়দেবকে ফোঁটা দেওয়ার পাশাপাশি নানাপদের খাবারের আয়োজন করতেন তিনি, যার শেষ পাতে অবশ্যই থাকত জয়দেবের ভীষণ প্রিয় জলপাইয়ের চাটনি।

এই অবিশ্বাস্য প্রতিশ্রুতির সূত্রপাত ১৯৯৬ সালের ভাইফোঁটার দিনে। সেদিন তৃপ্তি করে জলপাইয়ের চাটনি খেতে দেখে অগ্নিবীণা দেবী মজা করে জানতে চেয়েছিলেন, জলপাইয়ের বিচিটি কতদিন মুখে রাখতে পারবেন জয়দেব। জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, বোন যতদিন না বের করতে বলবেন, ততদিন সেটি মুখেই থাকবে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক অদ্ভুত সাধনা। শুরুর দিকে মুখে বিচি রাখার কারণে তাঁর জিভে ঘা হয়েছিল, এমনকি রক্তপাতও হতো। তবুও তিনি প্রতিজ্ঞা থেকে সরে আসেননি।

দীর্ঘ ৩০ বছরের অভ্যাসে জলপাইয়ের সেই আঁটি এখন জয়দেবের সার্বক্ষণিক সঙ্গী। পানি পান করা, খাবার খাওয়া, দাঁত মাজা কিংবা গভীর ঘুম-সব সময়ই আঁটিটি তাঁর মুখে থাকে। এর ফলে কথা বলার সময় তাঁর কিছুটা জড়তা তৈরি হয়েছে এবং অনেকেই তাঁকে ভুলবশত তোতলা মনে করেন। তবে এসবে কোনো ভ্রূক্ষেপ নেই তাঁর। ২০১২ সালের ২৪ জানুয়ারি না-ফেরার দেশে পাড়ি জমান অগ্নিবীণা দেবী। বোনকে হারানোর শোক আজও বয়ে বেড়ানো জয়দেব আবেগাপ্লুত কণ্ঠে জানান, বোন বেঁচে না থাকলেও জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর এই স্মৃতিটুকু এভাবেই আগলে রাখবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *