প্রধান খবর

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লাহোর কালান্দার্সের বিভিন্ন হাই পারফরম্যান্স সেন্টারের উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম দেখভাল করবেন তিনি।

তরুণ ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত কোচিং পদ্ধতি এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন বুলবুল। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও উন্নয়ন কার্যক্রম জোরদার করার পাশাপাশি বাংলাদেশে নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে লাহোর কালান্দার্সের।

আমিনুল ইসলামের আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। তিনি ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন বুলবুল। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *