সুস্থ থাকতে প্রতিদিন কেবল পর্যাপ্ত সময় ঘুমালেই চলবে না, পাশাপাশি নিয়মিত একই সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলাও অত্যন্ত জরুরি। সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) একটি গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমানোর সময় ও ঘুমের দৈর্ঘ্যে বড় ধরনের তারতম্য থাকলে হৃদ্রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সেশনের জন্য প্রস্তুত করা এই গবেষণায় ১০ হাজার ৩৬২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রায় ১০ লাখ রাতের ঘুমের তথ্য বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীরা টানা ছয় মাস শরীরে বিশেষ ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে তাঁদের ঘুমের তথ্য সংগ্রহে সহায়তা করেন। গবেষণার উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, প্রতিদিন একেক সময়ে ঘুমাতে যাওয়ার অনিয়মিত অভ্যাসের কারণে গুরুতর হৃদ্রোগের ঝুঁকি ২০ থেকে ২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
গবেষণায় ঘুমের দৈর্ঘ্যের তারতম্যের ক্ষতিকর প্রভাবও স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখা গেছে, প্রতি রাতে ঘুমের দৈর্ঘ্যে মাত্র ২৯ মিনিটের তারতম্য ঘটলে সামগ্রিক হৃদ্রোগের ঝুঁকি ২৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এ ছাড়া হৃদ্যন্ত্রের পেশিসংক্রান্ত জটিলতার ঝুঁকি ২৯ শতাংশ এবং হার্ট ফেইলিউরের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার তথ্য পাওয়া গেছে।
গবেষণার প্রধান গবেষক নগুয়েন মিন তুয়ান ভিয়েত বলেন, “সাধারণত আমরা প্রতিদিন আট ঘণ্টা ঘুমের ওপর জোর দিয়ে থাকি। তবে শুধু সময়ের পরিমাণ নয়, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার ধারাবাহিকতা বজায় রাখাও হৃদ্যন্ত্র ও রক্তনালির স্বাস্থ্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।” ছুটির দিনে দেরিতে ঘুমানো কিংবা শিফট পরিবর্তনের কারণে ঘুমানোর সময়ের যে হেরফের হয়, তা হৃদ্স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে বলে তিনি সতর্ক করেন।
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় ঘুমের অনিয়ম সরাসরি হৃদ্রোগ ঘটায় কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। পূর্ণাঙ্গ পিয়ার-রিভিউ শেষ না হওয়ায় এর ফলাফলকে প্রাথমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

