গভর্নামেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের এক দফা দাবিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গভীর রাতে তীব্র রূপ নেয় এবং শিক্ষার্থীরা নিউমার্কেট সংলগ্ন প্রধান রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিয়মবহির্ভূতভাবে হলের দুই ছাত্রীর আবাসিক আসন বাতিল করার ঘটনাকে কেন্দ্র করে এই অসন্তোষের সূত্রপাত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আসন বাতিলের বিষয়ে হল প্রাধ্যক্ষের কাছে ব্যাখ্যা চাইতে গেলে তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি; উল্টো সিট বহাল রাখার বিনিময়ে শিক্ষার্থীদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। শিক্ষার্থীরা টাকা কমানোর অনুরোধ জানালে তাঁদের সঙ্গে তীব্র দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। এ ছাড়া সামান্য দেরিতে হলে ফিরলে অযৌক্তিক জরিমানা এবং বিভিন্ন প্রশাসনিক হয়রানির অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।
এসব অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পৌঁছায়। এ সময় পুলিশ অধ্যক্ষকে উদ্ধার করে কার্যালয় থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখোমুখি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষকে উদ্ধার করার সময় পুলিশ তাঁদের ওপর অতর্কিত লাঠিচার্জ চালায়। এতে অন্তত দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশি লাঠিচার্জ ও অধ্যক্ষের উদ্ধারের পর আন্দোলন আরও বেগবান হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের সামনের মূল সড়কে নেমে আসেন এবং রাত ২টার পরও সেখানে অবস্থান নিয়ে তীব্র বিক্ষোভ ও নানা ধরনের স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বৈরাচারী সিদ্ধান্ত ও অনিয়মে লিপ্ত অধ্যক্ষের পদত্যাগ ছাড়া তাঁরা রাজপথ ছাড়বেন না এবং তাঁদের এই আন্দোলন অনড় থাকবে।

