প্রধান খবর

ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি অভিযোগ, কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার বাদী দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আলী। গত ১ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় তিনি মামলাটি করেন। এতে সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি, আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় এবং সাহেব আলীর সাবেক স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তৃতীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকেও আসামি করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে প্রায় ছয় থেকে সাত মাস আগে সাহেব আলী তার স্ত্রীকে তালাক দেন। পরে তার সাবেক স্ত্রী দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও অভিযুক্তদের কাছে সরবরাহ করেন বলে অভিযোগ করা হয়েছে। এসব ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সাহেব আলীকে ভয়ভীতি দেখানো হয় এবং টাকা দাবি করা হয়।

বাদীর দাবি, প্রথমে পাঁচ লাখ, পরে তিন লাখ এবং একপর্যায়ে এক লাখ টাকা চাওয়া হয়। এমনকি টাকা দেওয়ার পরও তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগও করেছেন তিনি।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *