রাজধানীর মিরপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা মিরপুর-১০ এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিতে ধাওয়া করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ কাউকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিলেন। পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে। এর আগে রবিবারও একই দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

