গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক বেতনের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকদের অবরোধে কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে যমুনা ব্যাংক, পুলিশ বক্স, পোশাক কারখানার ফটক ও পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে আটকা পড়ে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের একটি কারখানার ঝুট গুদামেও আগুন লাগে। যানজটের কারণে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা অবরোধের পর দুপুর আড়াইটার দিকে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

