প্রধান খবর

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার এক ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়। এই চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনাটি ঘিরে জনমনে ও নিহতের পরিবারে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, তাহসিফ সৌরি মৃত্যুর ঘটনায় দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

পরিবারের তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, নিখোঁজ হওয়ার আগের মুহূর্তে তাহসিফকে এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল, যাকে পরবর্তীতে তার পরিবারের সদস্যরা দীপ হিসেবে শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানী ঢাকার উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে দীপের দেখা হয়। সেখানে তারা কুশল বিনিময় ও হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

পরিবারের দাবি, দীপের আমন্ত্রণে সাড়া দিয়েই সেদিন বাসা থেকে বেরিয়েছিলেন তাহসিফ। পরবর্তী সময়ে দীপ জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে যান্ত্রিক ত্রুটি থাকায় তারা একটি ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল মেরামত সম্পন্ন হওয়ার পর তারা একসঙ্গে খাবার খান এবং এরপর দীপ নিজ গন্তব্যে চলে যান বলে দাবি করেছিলেন। তবে তাহসিফের আকস্মিক নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় দীপের প্রকৃত ভূমিকা কী ছিল, তা নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভেসে থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় পুলিশ। পরবর্তীতে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহতের হাতের ঘড়ি এবং পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফৌরির বলে শনাক্ত করা হয়।

পরদিন বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন বিকেল সাড়ে চারটা ৩৫ মিনিটে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

তাহসিফৌরির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো চিকিৎসকদের চূড়ান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। নিহতের বাবা এম এ নায়েতুল করিম ছেলের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে শুরু থেকেই তীব্র সন্দেহ প্রকাশ করেছেন এবং এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা করছেন। মূলত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *