খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা ও এক কর্মচারীসহ মোট সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য, ভুয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার এবং নিয়োগের সময় বয়সসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন অভিযোগ তদন্তের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাতজন আগে থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা ও সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান। এ ছাড়া রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।
কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা জানান, তদন্ত ও সংশ্লিষ্টদের ব্যাখ্যা পর্যালোচনা করেই সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

