সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। তদন্ত শেষ না হওয়ায় হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়ে আবারও সময় চেয়েছে বিশেষ তদন্ত দলটি।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় পরবর্তী সময়ে একাধিকবার সময় বাড়ানো হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। পরদিন রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ১৪ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি। বারবার সময় বাড়ানোর পরও চূড়ান্ত প্রতিবেদন জমা না পড়ায় মামলাটি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

