প্রধান খবর

ওমর ইয়ামাওকা: ইতিহাসের পাতায় প্রথম জাপানি হজযাত্রীর অভাবনীয় সফরকথা

এক শতাব্দীরও বেশি সময় আগে, যখন জাপানের সাধারণ মানুষের কাছে ইসলাম ধর্ম এবং মুসলিম বিশ্বের কৃষ্টি-কালচার ছিল অনেকটাই অপরিচিত, তখন আত্মিক বিশ্বাস ও জানার তীব্র আকুলতা থেকে এক ঐতিহাসিক মেলবন্ধন রচনা করেছিলেন কয়েকজন অনুসন্ধিৎসু জাপানি। তাঁদের মধ্যে অন্যতম প্রধান নাম ‘ওমর ইয়ামাওকা’। ১৯০৯ সালে পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করে ইতিহাস সৃষ্টি করেন তিনি। তাঁকেই জাপানের ইতিহাসে সর্বপ্রথম হজ সম্পাদনকারী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়।

ইয়ামাওকার এই সফর ছিল কেবল একটি ব্যক্তিগত ইবাদত নয়; বরং ভৌগোলিক ও সামাজিক দূরত্বের দেয়াল ভেঙে জাপান ও ইসলামী সংস্কৃতির মধ্যে এক অপূর্ব ধর্মীয় সংযোগ স্থাপনের উদ্যোগ। সেই যুগে প্রযুক্তি বা যোগাযোগের সুবিধা আজকের মতো সহজ ছিল না। প্রতিকূল পরিবেশ অতিক্রম করে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফলভাবে হজ শেষ করে ১৯১০ সালে নিজ দেশে ফিরে আসেন ইয়ামাওকা। পরবর্তীতে ১৯১২ সালে তাঁর পুরো অভিজ্ঞতা ও ভ্রমণকাহিনী লিপিবদ্ধ করে জাপানি ভাষায় একটি বই প্রকাশ করেন তিনি।

বিদেশি সংস্কৃতি ও পবিত্র মক্কা-মদীনার জীবনযাত্রা নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে লেখা এই ভ্রমণকাহিনীটি তৎকালীন জাপানি পাঠকদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়। বইটির মাধ্যমে জাপানি সমাজ প্রথমবারের মতো ইসলামী ঐতিহ্য ও আরব বিশ্বের অদেখা রূপ সম্পর্কে জানার সুযোগ পায়। তবে ওমর ইয়ামাওকা প্রথম হজ পালনকারী হলেও তিনি প্রথম জাপানি মুসলিম নন। ঐতিহাসিক নথি ও আধুনিক গবেষণা অনুযায়ী, ১৮৯১ সালে ইস্তাম্বুলে গিয়ে সাংবাদিক শোতারো নোদা প্রথম জাপানি হিসেবে ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন ‘আব্দুল হালিম’।

শোতারো নোদার ইসলাম গ্রহণ এবং পরবর্তীতে ওমর ইয়ামাওকার হজযাত্রা-দুই ঘটনা মিলেই জাপানে ইসলামের প্রাথমিক গোড়াপত্তন ঘটেছিল। বহু বছর অতিক্রান্ত হলেও এই মহৎ ব্যক্তিগণের সাহসিকতা ও ত্যাগ এখনও জাপান-মুসলিম বিশ্বের সম্পর্ক ও ইতিহাসের পাতায় এক অনন্য মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *