বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আবারও তীব্র আলোচনায় উঠে এসেছেন। মুম্বাইয়ে একের পর এক চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে তাঁর নাম জড়ালেও তদন্তকারী পুলিশ তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারছে না। বিগত তিন বছরে শহরটিতে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে তাঁর গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নিষেধাজ্ঞার কারণেই বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদের জন্য গুজরাটের সবরমতি কারাগার থেকে বাইরে আনতে পারছে না মুম্বাই পুলিশ। মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, নিরাপত্তার স্বার্থে তাঁকে কারাগার থেকে অন্য কোথাও স্থানান্তরিত করা যাবে না। ২০২৩ সালের আগস্টে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধির ২৬৮ ধারার অধীনে এই আদেশ জারি করেছিল। পরবর্তীতে নতুন আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ৩০৩ ধারার অধীনে আদেশটি নবায়ন করা হয়।
এই আইনি নিষেধাজ্ঞার ফলে আদালতের সাধারণ হাজিরা পরোয়ানা থাকলেও লরেন্স বিষ্ণোইকে কারাগার থেকে বাইরে নেওয়ার সুযোগ নেই। এমনকি বিভিন্ন তদন্তকারী সংস্থার হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদনও আদালত গ্রহণ করতে পারছে না। কেন্দ্রীয় সরকারের ভাষ্য অনুযায়ী, জনশৃঙ্খলা বজায় রাখা এবং তাঁকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় সম্ভাব্য সহিংসতা বা ঝুঁকি এড়াতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তদন্তকারী সংস্থাগুলো চাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিংবা উপযুক্ত আদালতের অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে লরেন্স বিষ্ণোই আহমেদাবাদের সবরমতি কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে বন্দি থেকেও তাঁর গ্যাংয়ের সদস্যরা বাইরে নিয়মিত অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের এপ্রিলে অভিনেতা সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের নাম প্রথম জোরালোভাবে মুম্বাই পুলিশের নজরে আসে। পরবর্তীতে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ড এবং চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির কাছে চাঁদা দাবির মতো ঘটনায় তাঁর গ্যাংয়ের যোগসূত্র পাওয়া যায়। সর্বশেষ টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার পর বিষ্ণোই গ্যাংয়ের তৎপরতা এবং বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেছে।

