বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী প্রয়াত আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন ও ছোট ভাই আবরার ফাইয়াজ উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা এ নির্মম হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রী পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং গভীর দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। স্বাধীন বিচার বিভাগ সঠিক আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না এবং সরকার বিচার কাজ তরান্বিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তি ও পানি বণ্টন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদ। এর জেরে তৎকালীন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর পর্যায়ক্রমে মামলা, তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি রায় দেওয়া হয়।

