নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রায় ২০০ বছরের পুরোনো একটি পুকুরে ‘জলপরী’ দেখা যাওয়ার চাঞ্চল্যকর গুজব ঘিরে তোলপাড় শুরু হয়েছে। অলৌকিক এই খবরের ওপর ভিত্তি করে গত পাঁচ দিন ধরে দেশের দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন ওই পুকুরপাড়ে। তবে প্রশাসন উদ্যোগ নিয়ে পুকুরে জাল ফেলতেই উন্মোচিত হয় আসল রহস্য; জলপরী নয়, মূলত সেখানে বিশালাকার সিলভার কার্প মাছের ঝাঁক ভেসে ওঠার দৃশ্যকেই অলৌকিক ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই পুকুরে বেশ কিছু সিলভার কার্প মাছ একসঙ্গে পানির ওপরে সাঁতার কাটার সময় ঢেউয়ের সৃষ্টি হয়। দূর থেকে সেই দৃশ্য দেখে স্থানীয় কিছু অসাধু লোক ও সোশাল মিডিয়া ব্যবহারকারী ‘জলপরী’ দেখা যাওয়ার ভুয়া খবর ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে বিষয়টি ভাইরাল হয়ে গেলে অন্ধবিশ্বাসের বশে বহু মানুষ পুকুরপাড়ে এসে পূজা-অর্চনা, ভোগ দেওয়া এবং অলৌকিক ভেবে পুকুরের পানি সংগ্রহের মতো নানা কর্মকাণ্ড শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুজব প্রতিরোধে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। প্রশাসনের উপস্থিতিতে অভিজ্ঞ জেলেদের ডেকে পুকুরে বড় জাল ফেলে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি শেষে পানিতে মাছ ছাড়া অলৌকিক অন্য কোনো প্রাণী বা কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে পুরোটাই ছিল পরিকল্পিত গুজব।
ঘটনার পর মনোহরদী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া কান না দেওয়া এবং ভ্রান্ত তথ্য বা গুজব না ছড়ানোর বিশেষ অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের ভুয়া ও সামাজিক বিভ্রান্তিকর গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

