প্রধান খবর

‘হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন’: শামা ওবায়েদ

দণ্ডিত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আইনি কাঠামোর পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার যে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তা আরও দ্রুত সম্পন্ন করতে দুই দেশেরই ইতিবাচক রাজনৈতিক সদিচ্ছা থাকা প্রয়োজন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পূর্ণ সদিচ্ছা রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকারও একই মনোভাব দেখাবে এবং আইনি প্রক্রিয়া দ্রুততর করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে শনিবার আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর এক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ বিষয়ে বক্তব্য দেন। শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, প্রত্যর্পণ একটি সুসংগঠিত এবং আইনগত প্রক্রিয়া, যা বর্তমানে নিজ গতিতেই চলমান রয়েছে। মামলা ও আইনি প্রক্রিয়া আদালতের আওতাধীন হওয়ায় হস্তান্তরের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করেন ভারতীয় এই কূটনীতিক।

তবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অন্যান্য অমীমাংসিত বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় হাইকমিশনার জানান, পানি বণ্টন, বাণিজ্য, সংস্কৃতি, যোগাযোগ ও পরিবহনসহ প্রতিটি সমস্যারই কূটনৈতিক সমাধান রয়েছে। দুই দেশের আলোচনার ধারাবাহিকতা ধীরগতির মনে হলেও তা থেমে নেই উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, উপযুক্ত ফোরামে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সংলাপ অব্যাহত রাখলে সব সমস্যার সমাধান সম্ভব হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *