প্রধান খবর

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকট সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনের নবম দিনে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে মিছিলটি আবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, প্রশাসনের নীরবতার প্রতিবাদ এবং চলমান সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই প্রতীকীভাবে চোখে কালো কাপড় বেঁধে তারা এ কর্মসূচি পালন করেছেন। মিছিল থেকে ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এদিকে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *