প্রধান খবর

খুলনায় প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত

খুলনা নগরীতে প্রকাশ্যে গুলিতে যুবদলের এক নেতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তির নাম রাশিকুল আনাম রাশু (৩৮)। তিনি দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। রাশু পূর্বে দৌলতপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজনীতির পাশাপাশি রাশিকুল আনাম রাশু কেডিএ কল্পতরু মার্কেট সংলগ্ন এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির একটি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফ রাশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *