রাজধানীর ইসিবি চত্বরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন-হামলার মূল রূপকার শাহরিয়ার, ভাসানটেক বস্তি এলাকার মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হামলার নেপথ্যে মূলত বাণিজ্যিক জমি সংক্রান্ত বিরোধ কাজ করেছে। ক্যান্টনমেন্ট থানার ওসি জানান, সালমান মুক্তাদিরের স্টুডিও যে ভবনে অবস্থিত, সেই ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর সঙ্গে এলাকার অন্য জমি মালিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই ভবনের একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির তাঁর ব্রাউনফিশ স্টুডিও তৈরি করেছিলেন। জমি সংক্রান্ত শত্রুতার জের ধরেই বিবাদমান পক্ষটি অনাকাঙ্ক্ষিত এই হামলা ও ভাঙচুর চালায়।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে অন্তত দুই ট্রাক ভর্তি সশস্ত্র লোক গিয়ে সালমান মুক্তাদিরের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ভেতরের মূল্যবান ক্যামেরা, সিসিটিভি ব্যবস্থা ও এডিটিং প্যানেল ভেঙে তছনছ করে এবং কর্মীদের জিম্মি করে লুটপাট চালায়। ঘটনার পরপরই সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে সরাসরি লাইভে এসে ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরলে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া এখনও জোরদার রয়েছে।

