কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, কানাডায় চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীর সঙ্গে ৩০ লাখ টাকার মৌখিক চুক্তি করেন অভিযুক্ত নারী। গত বছরের ২৮ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা নেওয়া হয়।
টাকা নেওয়ার পর কানাডায় যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়। পরে কানাডার দূতাবাসে যোগাযোগ করে যাচাইয়ের পর কাগজপত্রগুলো ভুয়া বলে জানা যায়। প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী কাফরুল থানায় মামলা করেন।
সিআইডি জানায়, অভিযুক্ত নারী ও তার সহযোগীরা ভুয়া কাগজপত্র তৈরি করে বিদেশে পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাৎ করতেন। গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আত্মসাৎ করা অর্থের গতিপথ এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

