৩০ বছর ঘরের চৌকাঠে পড়ে থাকা পাথরটিই বিরল উল্কাপিণ্ড, যার দাম প্রায় ১ কোটি টাকা

নিজের বাগানে কুড়িয়ে পাওয়া একটি সাধারণ ধাতব খণ্ডকে টানা তিন দশক ধরে ঘরের দরজার চৌকাঠ আটকানোর কাজে ব্যবহার করে আসছিলেন এক ব্যক্তি। তবে এতদিন পর পরীক্ষানিরীক্ষার মাধ্যমে উন্মোচিত হলো এক অবিশ্বাস্য তথ্য। সাধারণ চেহারার সেই বস্তুটি আসলে কোনো পাথরের টুকরো নয়, বরং মহাকাশ থেকে ছিটকে আসা একটি বিরল ও মূল্যবান উল্কাপিণ্ড। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকার সমপরিমাণ।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এডমোর এলাকায়। জানা যায়, প্রায় ৩০ বছর আগে নিজের বাড়ির আঙিনায় ভারী ও শক্ত এই ধাতব খণ্ডটি দেখতে পান এক গৃহস্থ। বস্তুটির ওজন ও স্থায়িত্ব দেখে সেটি ঘরে নিয়ে আসেন এবং দরজার চৌকাঠ হিসেবে ব্যবহার শুরু করেন। দীর্ঘ ৩০ বছর ধরে এটি এভাবেই সাধারণ কাজে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি বস্তুটির বাহ্যিক গঠন দেখে সন্দেহ প্রকাশ করেন এবং একজন বিশেষজ্ঞ বিজ্ঞানীকে বিষয়টি জানান। পরবর্তীতে দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি প্রকৃতপক্ষে একটি মহাজাগতিক উল্কাপিণ্ড।

প্রায় ১০ কেজি ওজনের এই খণ্ডটির অভ্যন্তরীণ গঠন পরীক্ষা করে বিজ্ঞানীরা জানান, এতে প্রায় ৮৮ শতাংশ লোহা এবং ১২ শতাংশ নিকেলের উপস্থিতি রয়েছে। সাধারণত পৃথিবীতে পতিত লৌহ উল্কাপিণ্ডগুলোতে লোহার পরিমাণ ৯৫ শতাংশ পর্যন্ত হয়ে থাকে, তাই এই বিশেষ উল্কাপিণ্ডটির গঠনবিজ্ঞানীদের কাছে অত্যন্ত বিরল ও অনন্য। বিশেষজ্ঞদের ধারণা, আমাদের সৌরজগতের প্রাথমিক পর্যায় ও উৎপত্তি নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় এই খণ্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দশক ধরে অবহেলায় চৌকাঠে পড়ে থাকা বস্তুটি শেষ পর্যন্ত বিরল ও মূল্যবান এক বৈজ্ঞানিক সম্পদে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *