প্রধান খবর

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আভাস : কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়ে কূটনৈতিক অগ্রগতির খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দৃশ্যমান হারে কমেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞার আলোচনা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে প্রভাব ফেলেছে। সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্কগুলোতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে।

শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময়ে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.২৮ ডলার বা ২.১ শতাংশ কমে ১০৪.৩২ ডলারে নেমে আসে। অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ২.২০ ডলার বা ২.৩ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯২.৪১ ডলারে স্থির হয়। সাপ্তাহিক হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের মূল্য ১ শতাংশের কম বৃদ্ধি পেলেও ডব্লিউটিআই-এর দাম আন্তর্জাতিক বাজারে প্রায় ৮ শতাংশ কমেছে।

নিউইয়র্কে চলমান কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা যুদ্ধাবস্থা নিরসনে ধাপে ধাপে একটি সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নিচ্ছেন। সম্ভাব্য এই চুক্তির আওতায় অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের বিনিময়ে ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, তেলের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার ও প্রণালি খোলার প্রস্তাব বিবেচনা করা হলেও নিজেদের পরমাণু কর্মসূচির নীতিতে কোনো ছাড় দেবে না তেহরান।

একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানি সাময়িক স্থগিত করার যে আলোচনা চলছে, তা মার্কিন ও আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের ফারাক তৈরি করেছে। স্থানীয় চাহিদা মেটাতে বাইরে ডিজেল পাঠানো বন্ধ করা হলে অভ্যন্তরীণ শোধনাগারগুলো অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ কমিয়ে দিতে পারে বলে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। এই উদ্বেগের জেরে শুক্রবার যুক্তরাষ্ট্রে পেট্রোলের ফিউচার রেটও প্রায় ৪ শতাংশ কমে যায়।

কূটনৈতিক অগ্রগতির মাঝেও তেলের বাজারে অস্থিরতার ঝুঁকি পুরোপুরি কাটেনি। সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতিদের চলমান হামলা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যেকোনো সময় বাধা সৃষ্টি করতে পারে বলে বিশ্ববাজারের ওপর অনিশ্চয়তা রয়ে গেছে।

তা সত্ত্বেও কেপলারের জাহাজ চলাচলের হালনাগাদ তথ্য বলছে, ২০ সেপ্টেম্বর শুরু হওয়া সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে প্রায় ৩ কোটি ৩৭ লাখ ব্যারেল তেল পরিবহণ করা সম্ভব হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্ব সরবরাহের প্রায় ২০ শতাংশ তেল পরিবহণ করা হয় বিধায় এই পথের সুরাহা তেলের বাজারের স্থিতিশীলতায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *