প্রধান খবর

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সাফল্য কামনা করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আলোড়িত হবেন।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসব কথা বলেন। তিনি তারেক রহমানের এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করে এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

রাষ্ট্রদূত বলেন, অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে। এসব বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ তুলে মুশফিকুল ফজল আনসারী বলেন, গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ প্রবাসী বাংলাদেশিরা যেভাবে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেছেন, এবার তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *