প্রধান খবর

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, নিহত ৭

ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিকট বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ‘এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর ভেতরের প্রীতি গ্রুপের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যান থেকে উচ্চচাপের গ্যাস সিলিন্ডার নামানোর সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে বিস্ফোরণের তীব্রতায় কারখানার বাইরে এক নারী পথচারী নিহত হন এবং ভ্যানের ভেতরে থাকা আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্র জানায়, বিস্ফোরণের পরপরই কারখানা ও আশপাশের এলাকায় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাভার্ড ভ্যানে থাকা একাধিক সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে কারখানার জানালার কাঁচ চুরমার হয়ে যায়। এসময় আতঙ্কে শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। আকস্মিক ও পরপর কয়েকটি বিস্ফোরণের কারণে শুরুতে কেউ কাছে ঘেঁষতে পারেননি। দূর থেকেই আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিইপিজেড ও জিরাবো মডার্ন ফায়ার স্টেশনসহ মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর উদ্ধারকর্মীরা ডাম্পিং কাজ শুরু করেন।

দুর্ঘটনার পর স্থানীয় আশুলিয়া নরসিংহপুর নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ জানান, অগ্নিকাণ্ডের পর হাসপাতালে মোট ১৬ জনকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বাকি ১৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *