২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদি হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরাও এ তালিকায় রয়েছেন।
এ ছাড়া কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের হজের অনুমতি দেওয়া হবে না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী ও উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরাও ফিটনেস সার্টিফিকেট পাবেন না।
প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা, হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে। একই সঙ্গে পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

