আজানের হৃদয়স্পর্শী ধ্বনিতে মুগ্ধ হয়ে অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইউক্রেনের নাগরিক আনাস্তাসিয়া পড্রেজোভা। দীর্ঘ অনুসন্ধান, গবেষণা ও অভিজ্ঞতার পর পবিত্র কালেমা শাহাদাহ পাঠ করে তিনি মুসলমান হন।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ইউক্রেন থেকে তুরস্কে ঘুরতে গিয়ে প্রথমবারের মতো মসজিদের আজান শোনার সুযোগ হয় আনাস্তাসিয়ার। আজানের সুর তার হৃদয়ে এক গভীর প্রশান্তি এনে দেয় এবং ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহের সূচনা ঘটে।
ছুটি শেষে নিজ দেশ ইউক্রেনে ফিরে গেলেও তুরস্ক সফরের অভিজ্ঞতা তার মনে রেখাপাত করে। সেই সফরে পরিচিত হওয়া এক তুর্কি তরুণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি তিনি ইন্টারনেটে ইসলাম ধর্ম নিয়ে বিস্তারিত গবেষণা শুরু করেন। পরবর্তীতে ইউক্রেনে সামরিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি শুরু হলে তিনি সার্বিক বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবার সুযোগ পান।
পড়াশোনা ও চাকরির সুবাদে আনাস্তাসিয়া পরবর্তী সময়ে নিজ দেশের অন্য একটি শহরে পাড়ি জমান। সেখানে তার কর্মস্থলে একাধিক মুসলিম সহকর্মীর সান্নিধ্য পান তিনি। ইসলাম ও মুসলমানদের জীবনযাপন সম্পর্কে নানা প্রশ্ন করে তিনি নিজের সংশয় ও কৌতূহল দূর করতেন। বিশেষ করে রমজান মাসে সহকর্মীদের সঙ্গে ইফতারের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও ধর্মীয় আবহ তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
অবশেষে সত্যের সন্ধান পেয়ে ও ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে আনাস্তাসিয়া পড্রেজোভা ইসলাম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং আনুষ্ঠানিকভাবে কালেমায়ে শাহাদাহ পাঠ করে শান্তির ধর্মে দীক্ষিত হন।

