নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ওমান থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘অত্যাবশ্যক নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের’ অবিলম্বে ওমান ত্যাগ করতে বলা হয়েছে।
ওমানের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা এখনও লেভেল-৩ পর্যায়ে রয়েছে, যার অর্থ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’। সম্ভাব্য সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের ঝুঁকিকে এই সতর্কতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হওয়ায় ঝুঁকি কমাতে কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইয়েমেন সীমান্তবর্তী ওমানের এলাকাগুলোর জন্য সর্বোচ্চ লেভেল-৪ সতর্কতা ‘ভ্রমণ করবেন না’ আগের মতোই বহাল রয়েছে। যুক্তরাষ্ট্রের মতে, এসব এলাকায় সংঘাতের ঝুঁকি আরও বেশি, তাই সেখানে যেকোনো ধরনের ভ্রমণ সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

